চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র্যালি ও আলোচনা সভা
মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার
দিনাজপুর।
“বাঙালির মৎস্যভরা দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) চিরিরবন্দর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত, র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন মাননীয় হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।
সার্বিক আয়োজনে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুন্ডু।
কর্মসূচির শুরুতে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে আলোচনা সভায় মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্টদের মাঝে মৎস্য পুরস্কার প্রদান করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী, মৎস্যচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।