গোড়গ্রামে সাবেক চেয়ারম্যান মাহাবুব জর্জের ফিরে আসায় এলাকাবাসীর আপত্তি
মোঃ জামিয়ার রহমান, ব্যুরো রংপুর
নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুব জর্জের পুনরায় পরিষদে ফিরে আসার উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মাহাবুব জর্জ নিয়মিতভাবে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত ছিলেন। দায়িত্ব পালনে গাফিলতি, ক্ষমতার অপব্যবহার, দমন-পীড়ন এবং উন্নয়ন প্রকল্পে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে প্রশাসন পরবর্তীতে তাঁর স্থলে একজন প্রশাসক নিয়োগ দেয়।
স্থানীয়দের অভিযোগ, দায়িত্বকালীন সময়ে তিনি সরকারি তহবিলের অপব্যবহার, প্রকল্পের অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার প্রদান এবং বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সরকারি সেবায় অনিয়ম ও আর্থিক লেনদেনে জড়িত ছিলেন।
তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে—তিনি বিরোধী মত দমন, ভয়ভীতি প্রদর্শন ও জনঅসন্তোষ সৃষ্টির মাধ্যমে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিলেন। নির্বাচনে পরাজিত হয়েও আওয়ামী লীগের মনোনয়ন ও প্রশাসনিক প্রভাব কাজে লাগিয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় ইউনিয়নের সেবামূলক কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং প্রশাসনিক বিশৃঙ্খলা দেখা দেয়।
সম্প্রতি তাঁর পুনরায় পরিষদে ফেরার উদ্যোগে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন—যদি মাহাবুব জর্জ আবার দায়িত্ব গ্রহণ করেন, তবে ইউনিয়নে অস্থিরতা, বিভেদ ও অনিয়মের পুনরাবৃত্তি ঘটতে পারে।
এলাকাবাসী প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে—গোড়গ্রাম ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও জননিরাপত্তা রক্ষার্থে মাহাবুব জর্জের পুনরাগমন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা