গাজায় যুদ্ধবিরতিতে টুঙ্গিপাড়ায় আনন্দ উৎসব, মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ
গোপালগঞ্জ প্রতিনিধি: মোঃ জসিম মুন্সী
গাজায় ইসরাইলি বাহিনীর দীর্ঘদিনের আগ্রাসন ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটায় সারা বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশেও দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দের ছোঁয়া। যুদ্ধবিরতির এই মুহূর্তকে কেন্দ্র করে শুক্রবার (১০ অক্টোবর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উদযাপন করেন স্থানীয়রা।
জুমার নামাজ শেষে উপজেলার ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদ্রাসা প্রাঙ্গণে “উম্মতে মুহাম্মদী (সা.)”-এর উদ্যোগে আয়োজন করা হয় এই আনন্দঘন কর্মসূচি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— গোপালগঞ্জ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম, টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রইসুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার এসআই মনির হাসান, উপজেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম এবং স্থানীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
বক্তব্যে মোল্লা ইব্রাহিম বলেন,
“দীর্ঘ সময় ধরে গাজার মানুষ যে ভয়াবহ পরিস্থিতি সহ্য করেছে, তার অবসান আমাদের জন্য স্বস্তির সংবাদ। যুদ্ধবিরতি আমাদের বিজয়ের প্রতীক— কারণ এটি রক্তপাত থামিয়েছে এবং মানবতার পথে নতুন আশার আলো জ্বালিয়েছে। আমরা সেই সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, যাদের আত্মত্যাগেই এই মুহূর্ত সম্ভব হয়েছে।”
স্থানীয়রা জানান, মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ববোধ থেকেই এ আনন্দ ভাগাভাগি করা হয়েছে। তারা আশা করেন, এ যুদ্ধবিরতি স্থায়ী শান্তি বয়ে আনবে এবং গাজার মাটিতে ফিরে আসবে স্থিতি ও নিরাপত্তা।