খুলনায় কেএমপি পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
শৃঙ্খলা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে পুলিশের শারীরিক সক্ষমতা যাচাই
মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান
খুলনা: পেশাগত শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা এবং মনোবল বৃদ্ধির লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো মাস্টার প্যারেড।
গতকাল শনিবার (১২ অক্টোবর ২০২৫) সকাল ৭টা ৩০ মিনিটে নগরীর বয়রা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত এই প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের অভিবাদন গ্রহণ করেন পুলিশ কমিশনার। এ সময় তিনি প্রতিটি কনটিনজেন্টের সদস্যদের শারীরিক ফিটনেস, পোশাক পরিচ্ছদ এবং টার্নআউট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। উত্তম টার্নআউটের জন্য তিনি বেশ কয়েকজন পুলিশ সদস্যকে সার্ভিস রিওয়ার্ড প্রদান করেন।
প্যারেডের কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) জনাব গোপী কিশোর রায়।
পুলিশ কমিশনারের বক্তব্য
“বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী। এই বাহিনীর শৃঙ্খলা বজায় রাখতে শারীরিক ও মানসিক সুস্থতা অপরিহার্য। সুস্থতার জন্য পিটি, প্যারেড ও খেলাধুলার বিকল্প নেই,”
— বলেন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।
তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য নিয়মিত মাস্টার প্যারেড আয়োজন অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।
মাস্টার প্যারেডে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।