ওয়ারেন্টভুক্ত আসামিকে সদস্যসচিব করায় ‘আমরা ভোলাবাসী’তে বিতর্কের ঝড়
ভোলা প্রতিনিধি: ইমন রহমান
ভোলায় সামাজিক সংগঠন ‘আমরা ভোলাবাসী’–এর নবগঠিত কমিটিতে সদস্যসচিব হিসেবে ওয়ারেন্টভুক্ত আসামি মীর মোশারেফ অমির নাম ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড়।
চেক ডিজঅনার মামলায় আদালতের জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানার অধীনে থাকা অমিকে দায়িত্ব দেওয়ায় সংগঠনটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।
৩ মে (শনিবার) ঘোষিত কমিটিতে অমির নাম প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই বলছেন, একজন পলাতক আসামিকে দায়িত্বে রাখা সংগঠনের ভাবমূর্তি নষ্ট করছে।
এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের আহ্বায়ক ও ভোলা জেলা বিএনপির নেতা গোলাম নবী আলমগীর বলেন,
“মীর অমির বিরুদ্ধে ওয়ারেন্টের বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি যাচাই করে আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।”
অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন,
“ওয়ারেন্ট কার্যকরের ক্ষেত্রে কোনো প্রকার শিথিলতা বরদাশতযোগ্য নয়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, অমি দীর্ঘদিন ধরে “মীর সিটি” নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণার অভিযোগে বিতর্কের মুখে রয়েছেন। ওই প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, উত্তরা অফিস বন্ধ করে অমি পরবর্তীতে মোহাম্মদপুর এলাকায় স্থানান্তরিত হন।
ভোলার এক সচেতন নাগরিক নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“অমি অতীতে ক্ষমতাসীন দলের কিছু প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থেকে নানা কার্যক্রমের নামে অর্থ সংগ্রহ করেছে। এখন আবার নতুন রাজনৈতিক আশ্রয়ে সংগঠনের নেতৃত্বে এসেছে।”
অমির সদস্যসচিব হওয়া নিয়ে এখন পুরো ভোলা জুড়ে আলোচনা-সমালোচনা চলছে। সংগঠনের সর্বশেষ বিজ্ঞপ্তিতে তার স্বাক্ষর বা নাম না থাকায় ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।