হাকিমপুরে ভিডাব্লিউবি কর্মসূচির চাল পেলেন ৭২৭ দুস্থ নারী
দিনাজপুর জেলা প্রতিনিধি
মোঃ মেহেদী হাসান খান
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে “ভালনারেবল উইমেন বেনিফিট” (ভিডাব্লিউবি) কর্মসূচির আওতায় ৭২৭ জন দরিদ্র ও অসহায় নারীর মাঝে অক্টোবর মাসের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ চত্বরে সারাদিনব্যাপী এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নাজিমুল হোসেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়িত এই কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগী নারী নিয়মিতভাবে মাসিক চাল সহায়তা পাচ্ছেন। চাল নিতে আসা অনেক নারীই জানান, সরকারের এ উদ্যোগ তাদের সংসারে স্বস্তি এনে দিয়েছে।
একজন উপকারভোগী নারী বলেন, “আমরা গরিব মানুষ। স্বামীর আয়ে কোনোমতে সংসার চলে। সরকারের এই কর্মসূচির চাল পেয়ে আমরা সত্যিই উপকৃত হয়েছি।”
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ও তদারকি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, ইউপি সচিব, সদস্য বকুল হোসেন, মাসুদ রানা, আক্তার হোসেন বাবু, মহিলা সদস্য বুলবুলি খাতুনসহ পরিষদের অন্যান্য সদস্যরা।
ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিমুল হোসেন বলেন, “আমার ইউনিয়নে ৭২৭ জন উপকারভোগী রয়েছেন। জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের দিকনির্দেশনায় সুষ্ঠু ও স্বচ্ছভাবে চাল বিতরণ সম্পন্ন হয়েছে।”
সরকারের ভিডাব্লিউবি কর্মসূচি দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র নারীদের খাদ্য নিরাপত্তা ও স্বনির্ভরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয়দের মত।