ধর্মপাশা থেকে গাছতলা পর্যন্ত রাস্তা নির্মাণের দাবিতে দুই ঘণ্টা সড়ক অবরোধ
রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের ধর্মপাশা থেকে গাছতলা পর্যন্ত সড়কটির দ্রুত পূর্ণ নির্মাণের দাবিতে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে নাগরিক অধিকার আন্দোলন ধর্মপাশা।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাগজপত্রসহ ধর্মপাশায় এসে আলোচনায় বসতে হবে। জনগণের দাবি উপেক্ষা করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
কর্মসূচি সঞ্চালনা করেন নাজমুল ইসলাম তপু। বক্তব্য রাখেন আজহারুল ইসলাম দীপ্ত, মুফতী যোবায়ের আলম, মুফতী মুফিদ আহমদ, সামিউল ইসলাম সৌরভ, অনিক মজুমদার ও মাও. সদরুল আমিন প্রমুখ। সভাপতিত্ব করেন মোল্লা মাহমুদ হাসান, প্রধান সমন্বয়কারী, নাগরিক অধিকার আন্দোলন ধর্মপাশা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় থাকলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
এ বিষয়ে সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শামীম হোসেন বলেন, “ধর্মপাশা-গাছতলা সড়ক সংস্কারে ১৩ কোটি টাকার বরাদ্দ হয়েছে। জিও জারি হলে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে স্থায়ীভাবে কাজ শুরু হবে।”