দুর্যোগ ও দুর্ঘটনা প্রতিরোধে টেকসই পরিকল্পিত উন্নয়নের দাবিতে রাইট টক বাংলাদেশের মানববন্ধন
নিউজ ডেস্ক:
রাজধানীসহ সারাদেশে দুর্যোগ ও দুর্ঘটনা প্রতিরোধে টেকসই ও পরিকল্পিত উন্নয়ন অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাইট টক বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ইঞ্জিনিয়ার আল-আমিন এম তাওহীদ, সময়ের চিত্র পত্রিকার সম্পাদক ও সমাজকর্মী আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক প্রশান্ত কুমার, এম. এ. রুমেল, রবিউল আহমেদ, ইসরাফিল হোসেন, ইমরান হাদী, কামরুল হাসান মেহেদী, নাঈমুল ইসলাম আরিফ, রাহাত মিয়া, বেলায়েত শাস্ত্রী, আবু রায়হান, মাহিম ও সাংবাদিক জাকারিয়া রানা প্রমুখ।
এ সময় সভাপতি আল-আমিন এম তাওহীদ বলেন, “মিরপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুর মতো দুর্ঘটনার জন্য দায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা। শতবছরের পরিকল্পিত শহর গড়ে না ওঠায় আজ সাধারণ মানুষকে প্রাণ দিতে হচ্ছে।”
তিনি আরও বলেন, “বাড়ি, ভবন ও মার্কেট ভাড়া আইন বাস্তবায়নের পাশাপাশি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ভবন ও শিল্পকারখানা নির্মাণে সঠিক তদারকি ও অনুমোদন ছাড়া তলা বৃদ্ধি বন্ধ করতে হবে।”
সংগঠনের পক্ষ থেকে আরও কয়েকটি দাবি জানানো হয়—
টেকসই বেরিবাঁধ ও পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা,
দুর্যোগ মোকাবিলায় যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ,
পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা,
সব ধরনের ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা বাধ্যতামূলক করা,
নদী ও খালের নাব্যতা ফিরিয়ে আনা।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান— টেকসই, নিরাপদ ও পরিকল্পিত শহর গঠনের মাধ্যমে নাগরিক জীবনের নিরাপত্তা নিশ্চিত করার।