লা মাযহাবী সালাফী এমপিকে ধর্মপ্রতিমন্ত্রী করার তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘আহলে সুন্নাত ওয়াল জামা‘আত’
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদে শামীম কায়সার লিংকন এম.পি-কে ধর্মপ্রতিমন্ত্রী হিসেবে মনোনীত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘আহলে সুন্নাত ওয়াল জামা‘আত’। একইসঙ্গে এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য জোরালো দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
২১ আগস্ট ২০২৬ ইং তারিখে আহলে সুন্নাত ওয়াল জামা‘আত কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
সংগঠনের সম্মানিত চেয়ারম্যান, শায়খুল হাদীস মুফতি মাওলানা কাজী মুঈন উদ্দীন আশরাফী বলেন, “নব্বই ভাগ হানাফী মাযহাবের অনুসারীদের এই দেশে একজন আহলে হাদীস, চিহ্নিত সালাফী অনুসারী মুহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মপ্রতিমন্ত্রী হিসেবে মনোনীত করা সত্যিই দুঃখজনক।”
এ ধরণের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন সংগঠনের নির্বাহী চেয়ারম্যান পীরে তরিকত মাওলানা আবুল কাশেম নূরী, যুগ্ম মহাসচিব খাজা আরিফুর রহমান তাহেরী, আ ন ম মাসুদ হোসাইন আলকাদেসী এবং সাংগঠনিক সচিব পীর মুফতি মাওলানা গিয়াসউদ্দীন তাহেরী।
নেতৃবৃন্দ বলেন, বিশ্বের অধিকাংশ মুসলিম হানাফী মাযহাবের অনুসারী এবং এটি সর্বজনস্বীকৃত। প্রিয় বাংলাদেশে কোনো লা-মাযহাবী বা আহলে হাদীসের অনুসারী ব্যক্তি ধর্ম মন্ত্রণালয়ের মতো এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আসলে দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ তা কোনোভাবেই মেনে নেবেন না।
সংগঠনের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে একজন সুন্নি মতাদর্শের প্রতিনিধিকে ধর্মপ্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে।
(বার্তা প্রেরক: এস এম তারেক হোসাইন, যুগ্ম দপ্তর সচিব, আহলে সুন্নাত ওয়াল জামা‘আত, কেন্দ্রীয় পরিষদ, ঢাকা)