গোলনায় বন্ধু স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
শাফিনুর রহমান
ভ্রাম্যমান প্রতিনিধি নীলফামারী
নীলফামারীর ৪নং গোলনা ইউনিয়নের উদ্যোগী তরুণদের সংগঠন বন্ধু স্পোর্টিং ক্লাবের আয়োজনে এক বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গোলনা ইউনিয়নের খারিজা গোলনা দোতলা মসজিদ মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন খেলাফত মজলিস নীলফামারী জেলা শাখার সভাপতি মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং গোলনা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, এমন আয়োজন সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে খেলাধুলার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলোয়াড়, দর্শক ও যুব সমাজের বিপুল উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। উদ্বোধনী খেলায় অংশ নেয় গোলনা তরুণ সংঘ ও দোতলা যুব একাদশ। খেলার শুরুতেই দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আনন্দ।
এ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে—এমনটাই প্রত্যাশা করেন আয়োজকরা।