বালিয়াকান্দিতে চত্রা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার: পরিবারে শোকের ছায়া
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চত্রা নদী থেকে মিরাপ মোল্যা (৮০) নামে এক বৃদ্ধের নিথর দেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মরাবিলা গ্রামের নিজ বাড়ির কাছের নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরাপ মোল্যা শুক্রবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। সারারাত খোঁজাখুঁজির পর শনিবার দুপুরে বাড়ির পাশে চত্রা নদীতে ভেসে থাকতে দেখা যায় তার দেহ।
নিহত মিরাপ মোল্যা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। তিনি ফরিদপুর সিটি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমানের পিতা।
স্থানীয়দের ভাষায়— “তিনি ছিলেন শান্ত-ভদ্র মানুষ, কিন্তু কিছুদিন ধরেই নিজের মধ্যে ছিলেন না।”
হঠাৎ করে নদীর জলে ভেসে ওঠা তার নিথর দেহে এখন শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, “বৃদ্ধটি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে তার পরিবার নিশ্চিত করেছে। স্থানীয়রা নদী থেকে মরদেহটি উদ্ধার করেছে।”
একজন পিতার চলে যাওয়া যেন নিঃশব্দে ভেঙে দিলো একটি পরিবারের হাসি, আর চত্রা নদীর ঢেউ আজও বয়ে নিচ্ছে এক গভীর শোকের সুর।