সুনামগঞ্জ-১ আসনের তিন সম্ভাব্য প্রার্থীকে মাঠে কাজের নির্দেশ
মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা প্রতিনিধি (সুনামগঞ্জ)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের তিন সম্ভাব্য প্রার্থীকে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই তিন প্রার্থী হলেন—সালমা নজির, কামরুজ্জামান কামরুল ও আনিসুল হক।
রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেন দলটির মহাসচিব ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল হক। তিনি জানান, বৈঠকে তিন সম্ভাব্য প্রার্থীকে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দলের ভেতর কোনো বিভাজন বা নেতিবাচক প্রচারণা থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “আজকের বৈঠকে সবার নাম ঘোষণা না হলেও পর্যায়ক্রমে অন্যান্য আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গেও আলোচনা করা হবে।”
বৈঠকে উপস্থিত থাকা প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন, “আমরা তিনজনকেই নির্বাচনী মাঠে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। দলের চূড়ান্ত সিদ্ধান্ত যেই পান না কেন, আমি তার পক্ষেই ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করব।”
জানা গেছে, সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ধারাবাহিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে সুনামগঞ্জ-১ আসনের প্রার্থীদের সঙ্গে আজকের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক ঘিরে স্থানীয়ভাবে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
অবশেষে, প্রত্যাশিত একক প্রার্থীর ঘোষণা না এলেও তিন সম্ভাব্য প্রার্থীকে মাঠে কাজের নির্দেশ দিয়ে নির্বাচনমুখী কার্যক্রম আরও জোরদার করার বার্তা দিয়েছে বিএনপি।