জোয়ার-ভাটা কিছুই নেই, তবুও নড়বড়ে সাঁকো পেরিয়ে চলাচল! কবে বদলাবে ভাগ্য?
মীর শাহীন
স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার মানিকা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দাদের এখনো প্রতিদিন পার হতে হয় একটি নড়বড়ে বাঁশের সাঁকো পেরিয়ে। নেই নদী, নেই খাল—তবুও যেন জীবনের অপর নাম ‘সাঁকো’।
এলাকাবাসীর ভাষ্যমতে, খানবাড়ির পশ্চিম দিকের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। প্রায় দুই বছর ধরে এভাবেই চলাচল করছেন স্থানীয়রা। রাস্তাটির একাংশে তৈরি করা হয়েছে একটি অস্থায়ী বাঁশের সাঁকো, যার উপর দিয়েই প্রতিদিন যাতায়াত করতে হয় প্রায় পাঁচ শতাধিক মানুষকে। তাদের মধ্যে একশতাধিক স্কুলগামী ছাত্রছাত্রীও রয়েছে, যারা প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুলে যায়।
স্থানীয়রা জানান, উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এই গ্রামে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। বহু শিক্ষার্থী ও বয়স্ক মানুষ সাঁকো থেকে পড়ে আহত হয়েছেন। কিন্তু বারবার অভিযোগ জানিয়েও কোনো উদ্যোগ দেখা যায়নি।
এ বিষয়ে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আঃ মান্নান বলেন, “রাস্তাটি সংস্কারের বিষয়টি আমার আওতায় নয়।”
অন্যদিকে দক্ষিণ আইচা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক মাস্টার বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত। শুধু এই রাস্তাটি বাদে অন্যান্য রাস্তা সংস্কার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে, নতুন প্রকল্পে এই রাস্তাটিও অন্তর্ভুক্ত করা হচ্ছে। আশা করছি আগামী ১৫ দিনের মধ্যেই সংস্কারকাজ শুরু হবে।”
এলাকাবাসীর দাবি—রাজনৈতিক প্রতিশ্রুতিতে নয়, বাস্তব উন্নয়নের মাধ্যমে যেন এই দুর্ভোগের অবসান ঘটে। কারণ, উন্নয়নের যুগে এখনও যদি মানুষকে নড়বড়ে সাঁকো পেরিয়ে চলাচল করতে হয়, তবে প্রশ্ন জাগে—কবে বদলাবে এই গ্রামের ভাগ্য?