ডিমলার সাতজান শালহাটি গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়া খেলা উপভোগে হাজারো দর্শক
সাফিনুর ইসলাম
ভ্রাম্যমাণ প্রতিনিধি
নীলফামারী জেলা
নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম সাতজান এলাকার সাতজান যুবক্লবের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দিনব্যাপী আয়োজিত এ ঘোড়া খেলায় আশপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজারো দর্শক ছুটে আসেন। বয়স্ক মুরব্বি থেকে শুরু করে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ পরিবার-পরিজন নিয়ে খেলা উপভোগ করেন। মাঠজুড়ে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে ঘোড়সওয়ারদের উৎসাহ আরও বেড়ে যায়। মুহূর্তে মুহূর্তে ঘোড়ার নান্দনিক কসরত ও দক্ষ সওয়ারিদের কৌশল দর্শকদের মুগ্ধ করে।
গ্রামবাংলার ঐতিহ্যের অংশ এই ঘোড়া খেলা একসময় গ্রামীণ সমাজে বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম ছিল। তবে সময়ের পরিবর্তনে আধুনিক প্রযুক্তি ও নগর সংস্কৃতির প্রভাবে এ ধরনের খেলাধুলা এখন বিলুপ্তির পথে। সে বাস্তবতা বিবেচনায় রেখে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
সাতজান যুবক্লবের নেতৃবৃন্দ বলেন, “গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি টিকিয়ে রাখতে হলে নিয়মিত এমন আয়োজন প্রয়োজন। প্রতি বছর এই ঘোড়া খেলার আয়োজন করা না হলে ধীরে ধীরে আমাদের প্রাচীন গ্রামীণ খেলাধুলা হারিয়ে যাবে। নতুন প্রজন্ম যেন এসব ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে এবং গ্রামীণ সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করে—এই লক্ষ্যেই আমাদের এই আয়োজন।”
খেলাকে কেন্দ্র করে সাতজান শালহাটি গ্রামে এক ধরনের আনন্দঘন মিলনমেলায় রূপ নেয়। স্থানীয়ভাবে নানা পণ্যের অস্থায়ী দোকান বসে এবং পুরো দিনজুড়ে এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্কৃতিমনস্করা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের আয়োজন নিয়মিত হলে সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে এবং সংস্কৃতি বাঁচিয়ে রাখা সম্ভব হবে।