**চিরিরবন্দরে মহাদানীতে ঐতিহ্যবাহী খেড়ী খেলার আয়োজন**
মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মহাদানী গ্রামে রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী খেড়ী (পাতা) খেলা। রেল ব্রিজ সংলগ্ন শ্মশান কালী মন্দির মাঠে অনুষ্ঠিত এ খেলায় অংশগ্রহণ এবং দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় মন্দির কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই খেলায় বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো দর্শক মিলিত হয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। মাঠে উপস্থিত দর্শকরা খেলোয়াড়দের উৎসাহ দিতে ব্যস্ত ছিলেন, যা খেলাটিকে আরও প্রাণবন্ত করেছে।
খেলার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে একজন খেলোয়াড় পেলেন একটি পাঁঠা (খাসি), আর দ্বিতীয় পুরস্কার হিসেবে একজন পেলেন মোবাইল ফোন।
স্থানীয়রা জানান, গ্রামীণ বিনোদনের এই ঐতিহ্যবাহী খেলা নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠছে এবং গ্রামের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি করছে।