“সেরা গল্প লেখিকা ২০২৫” নির্বাচিত ৫ নারী উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক:
সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত এবং এস. এম. দেলোয়ার জাহান সম্পাদিত যৌথ গল্পগ্রন্থ “৬৪ জেলার নির্বাচিত নারী উদ্যোক্তা – ৪” এ অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের মধ্যে থেকে “সেরা গল্প লেখিকা ২০২৫” নির্বাচিত হয়েছেন ৫ জন নারী উদ্যোক্তা।
গত ১ নভেম্বর ২০২৫ খ্রি. শনিবার বিকাল ৫টায় ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জুরি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নির্বাচিতদের তালিকা নিম্নরূপ:
১ম স্থান : মুর্শিদা সুলতানা তুলু
২য় স্থান : রিফাত আমিন
৩য় স্থান : নাসরিন আক্তার
৪র্থ স্থান : ফারজানা খান আজমি
৫ম স্থান : সাথী সিকদার
ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, শতাধিক নারী উদ্যোক্তা তাদের উদ্যোক্তা জীবনের বাস্তব অভিজ্ঞতা ও প্রেরণামূলক গল্প জমা দিয়েছেন। প্রতিটি গল্পই ছিল অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন।
জুরি বোর্ডের আহ্বায়ক ড. আফছানা বিনতে বাতেন বলেন, “সকল গল্প গভীর মনোযোগের সঙ্গে পাঠ ও বিশ্লেষণ করা হয়েছে। সম্পূর্ণ নিরপেক্ষতা ও গোপনীয়তা বজায় রেখে পাঁচজন নারী উদ্যোক্তাকে ‘সেরা গল্প লেখিকা ২০২৫’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এরা যথার্থই এই সম্মানের যোগ্য।”
২০১৯ সালে প্রতিষ্ঠিত সম্মিলিত উদ্যোক্তা ফোরাম (সউফো) উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, আর্থ-সামাজিক উন্নয়ন, শিল্প-সাহিত্য সংস্কৃতির বিকাশ, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা ও উদ্যোক্তা স্বাবলম্বীকরণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় নারী উদ্যোক্তাদের জীবনের অনুপ্রেরণামূলক গল্প নিয়ে “৬৪ জেলার নির্বাচিত নারী উদ্যোক্তা – ৪” যৌথ গল্পগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হয়।