অসময়ের বৃষ্টিতে বিপর্যস্ত নীলফামারীর কৃষি, আমন ও সবজির ক্ষতির শঙ্কা
জামিয়ার রহমান
বিভাগীয় প্রধান রংপুর
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা চার দিনের অবিরাম বৃষ্টি ও দমকা হাওয়ায় নীলফামারী জেলার কৃষি খাতে দেখা দিয়েছে চরম বিপর্যয়। চলতি মৌসুমের আমন ধান ও শীতকালীন সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।
জেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, আধপাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে, অনেক ক্ষেত পানির নিচে ডুবে আছে এবং গাছের ডগা ভেঙে পড়েছে। এসব কারণে ধানের গোড়া পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষকরা বলছেন, এবার ফসল ঘরে তোলা কঠিন হয়ে পড়েছে।
জেলা কৃষি বিভাগের তথ্যানুসারে, এ বছর জেলায় প্রায় ১ লাখ ২০ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার নিচু জমিগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে।
ডিমলা উপজেলার কৃষক মোছাদ্দেক হোসেন বলেন,
“ধান কাটার সময় এসে গিয়েছিল, কিন্তু টানা বৃষ্টিতে গাছ মাটিতে লুটিয়ে পড়েছে। পানি না কমলে সব ধান নষ্ট হয়ে যাবে।”
ডোমারের কৃষক আব্দুল করিমের কণ্ঠেও ঝরছে হতাশা—
“এক বছরের পরিশ্রম এক ঝড়েই শেষ হয়ে গেল। এখন আর জানি না কীভাবে সংসার চলবে।”
এছাড়াও ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ, পেঁয়াজ ও আলু ক্ষেতেও ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘ সময় পানি জমে থাকলে এসব ফসলের শিকড় পচে যেতে পারে বলে কৃষকদের আশঙ্কা।
নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান জানান,
“জেলায় বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। কিছু এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। কৃষকদের দ্রুত পানি নিষ্কাশন ও নুয়ে পড়া ধানগাছ বাঁধার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষতি কিছুটা কমানো সম্ভব।”
জেলা কৃষি দপ্তরের কর্মকর্তারা ইতোমধ্যে মাঠপর্যায়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শুরু করেছেন এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করছেন।
স্থানীয় কৃষকরা বলছেন, সরকারি প্রণোদনা ও দ্রুত পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হলে তারা আবারও কৃষিতে ঘুরে দাঁড়াতে পারবেন।