চরফ্যাশনে আলোচিত নারী উদ্যোক্তা পিংকি থানায়
মীর শাহীন
স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে গ্রাহকদের জমাকৃত সঞ্চয়ের টাকা ফেরতের দাবিতে নারী উদ্যোক্তা পিংকি আক্তারকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে দক্ষিণ আইচা বাজারে অবস্থিত পিংকির “প্রয়োজন গ্রুপ”-এর বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে শতাধিক গ্রাহক জড়ো হন। তাঁরা দাবি করেন, এফডিআর, ডিপিএস ও বিভিন্ন মেয়াদি সঞ্চয় হিসাবের টাকার বিপরীতে তারা দীর্ঘদিন ধরে কোনো অর্থ ফেরত পাচ্ছেন না। দুপুরের পর জনসমাগম বাড়তে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগীদের অভিযোগ, কয়েক বছর ধরে পিংকি আক্তার “প্রয়োজন গ্রুপ” নামে নয়টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এর মধ্যে “প্রয়োজন সমবায় সমিতি” নামের প্রতিষ্ঠানটিতে এলাকার বহু মানুষ কোটি টাকার বেশি অর্থ জমা রেখেছেন।
এক নারী গ্রাহক বলেন, “আমি এই সমবায়ে প্রায় ৩৭ লাখ টাকা জমা রেখেছি। শুনেছি পিংকি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাই টাকা ফেরত চাইতে এসেছি। কিন্তু কেউ আমাদের কোনো নিশ্চয়তা দিচ্ছে না।”
এ বিষয়ে উদ্যোক্তা পিংকি আক্তার সাংবাদিকদের জানান, “আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে সৎভাবে ব্যবসা পরিচালনা করছি। একটি মহল আমার সফলতা নষ্ট করতে পরিকল্পিতভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তারা আমার শো-রুম ভাঙচুর করে মালামাল লুট করেছে।”
তিনি আরও বলেন, “আমার ব্যবসায় বর্তমানে ৮৪ লাখ টাকার পুঁজির বিপরীতে গ্রাহকদের কাছে প্রায় ৬৭ লাখ টাকা দেনা রয়েছে। আমি ধীরে ধীরে সকলের পাওনা পরিশোধ করব।”
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ এরশাদুল হক ভূঁইয়া জানান, “ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরিস্থিতি শান্ত রাখতে পিংকি আক্তারকে থানা হেফাজতে নেওয়া হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”