আজ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের ৮১তম জন্মদিন
মীর শাহীন
স্টাফ রিপোর্টার
লালমোহন (ভোলা)
মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক, রাজনীতির আলোকিত অধ্যায় ও বহুমুখী প্রতিভার অধিকারী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের আজ ৮১তম জন্মদিন। ১৯৪৪ সালের ২৯ অক্টোবর তিনি ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এক সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্মদিন উপলক্ষে নির্বাচনী এলাকার নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা দিনটি নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করছেন।
তার পিতা ডাঃ আজহার উদ্দিন আহমদ ছিলেন একজন স্বনামধন্য চিকিৎসক ও প্রাদেশিক পরিষদের সদস্য, যিনি বিরোধী দলের ডেপুটি নেতা হিসেবেও দায়িত্ব পালন করেন। মাতা বেগম করিমুন্নেছা ছিলেন এক শিক্ষিত ও সমাজসেবী নারী।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সূচনালগ্নে যশোর ক্যান্টনমেন্টে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেন তিনি। পরবর্তীতে বেনাপোল, গৌরীপুর, সিলেটসহ বিভিন্ন স্থানে সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বাধীন জেড ফোর্সের একজন ব্যাটালিয়ন ও কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
সামরিক জীবনের পাশাপাশি তিনি ছিলেন একজন খ্যাতিমান ক্রীড়াবিদ। পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করেন এবং ১৯৮০ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন। ২০০৪ সালে ফিফা তাকে বিংশ শতাব্দীর সেরা বাংলাদেশি ফুটবলার হিসেবে “Centenary Order of Merit” প্রদান করে।
রাজনৈতিক জীবনে তিনি ভোলা-৩ আসন (লালমোহন-তজুমদ্দিন) থেকে ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বাণিজ্য, পাট ও পানি সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে সততা ও দক্ষতার নজির স্থাপন করেন।
‘গণতন্ত্র রিমান্ডে’, ‘রক্তে ভেজা একাত্তর’, ‘সৈনিক জীবন গৌরবের একাত্তর’ ও ‘রক্তাক্ত পঁচাত্তর’সহ চারটি গ্রন্থের লেখক হিসেবে তিনি সাহিত্যাঙ্গনেও সমাদৃত।
আজ তার জন্মদিনে ভোলাবাসীসহ সারাদেশের মানুষ স্মরণ করছে এক মহৎ নেতাকে—যিনি একাধারে মুক্তিযোদ্ধা, ক্রীড়াবিদ, রাজনীতিক, লেখক ও সততার প্রতীক।
শুভ জন্মদিন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আপনার জীবন হোক আরও আলোকিত, আগামী প্রজন্মের প্রেরণা হয়ে।