টুঙ্গিপাড়ায় দোকান ঘর ভাড়া চুক্তি নিয়ে বিরোধ: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি দোকান ঘর ভাড়া চুক্তিকে কেন্দ্র করে বিরোধের অভিযোগ তুলে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভাড়াটিয়া মোঃ হাফিজ শেখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, টুঙ্গিপাড়া উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের বাসিন্দা মোঃ আমিনুর শেখের মালিকানাধীন একটি টিনের তৈরি এক রুম বিশিষ্ট দোকান ঘর তিনি ভাড়া নেন। দোকানটি পাঁচকাহনিয়া বাইপাস সড়কের উত্তর পাশে অবস্থিত। দোকানটির দৈর্ঘ্য ১৫ ফুট এবং প্রস্থ ১০ ফুট।
লিখিত চুক্তি অনুযায়ী ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত তিন বছরের জন্য দোকানটি ভাড়া নেওয়া হয়। চুক্তি অনুযায়ী মাসিক ভাড়া নির্ধারণ করা হয় ১,০০০ টাকা এবং সিকিউরিটি বাবদ অগ্রিম ২৫,০০০ টাকা মালিককে প্রদান করা হয় বলে জানান তিনি।
হাফিজ শেখ অভিযোগ করে বলেন, চুক্তি অনুযায়ী তিনি নিয়মিত ভাড়া পরিশোধ করে আসলেও বর্তমানে বিভিন্ন কারণে তাকে হয়রানি করা হচ্ছে এবং চুক্তির শর্ত মানা হচ্ছে না বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, ব্যবসা পরিচালনার স্বার্থে এবং নিজের ন্যায্য অধিকার রক্ষার জন্য তিনি বিষয়টি জনসমক্ষে তুলে ধরতে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার কামনা করেছেন।
এ বিষয়ে দোকান মালিক মোঃ আমিনুর শেখের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী।