পঞ্চগড় জেলা প্রেস ক্লাবে ইলেকশনের বদলে সিলেকশন গ্রহণযোগ্য নয় — রাশেদ প্রধান
পঞ্চগড়, ১০ নভেম্বর :
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “গত ২৯ মে পঞ্চগড় প্রেসক্লাব ঘিরে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রেসক্লাবের মূল ফটক সিলগালা করা হয়েছিল এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। প্রায় ছয় মাস বন্ধ থাকার পর আজ জেলা প্রশাসকের কার্যালয় থেকে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। একটি জেলার প্রেসক্লাব ছয় মাস বন্ধ থাকা যেমন অগ্রহণযোগ্য, তেমনি ইলেকশন না করে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করা আরও বড় দুঃখজনক বিষয়।”
তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে অসংখ্য শহীদ রক্ত দিয়েছেন। সেই গণতন্ত্রের চর্চা রক্ষার স্বার্থে পঞ্চগড় প্রেসক্লাবে ইলেকশনের বদলে সিলেকশন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নের পথে এমন সিদ্ধান্ত গণতন্ত্রবিরোধী।”
রাশেদ প্রধান অবিলম্বে জেলা প্রশাসক কার্যালয় থেকে গৃহীত সিলেকশনভিত্তিক কমিটির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দ্রুত ইলেকশনের মাধ্যমে পঞ্চগড় প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের দাবি করেন।
তিনি আরও বলেন, “আমি আমার জেলা পঞ্চগড়ের সম্মানিত সাংবাদিক ভাইদের রাজনৈতিক পরিচয় ও তকমা থেকে বেরিয়ে এসে প্রকৃত সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করার আহ্বান জানাই। আপনাদের প্রতি আমার প্রত্যাশা—আপনারা জনগণের সামনে সত্য ও সঠিক সংবাদ পরিবেশন করবেন এবং আগামীতে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে পঞ্চগড় প্রেসক্লাব পরিচালনা করবেন।”