বান্দরবানে সাংবাদিক জামাল উদ্দীনের উপর হামলা, মৃত্যুশয্যায় হাসপাতালে চিকিৎসাধীন
ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক
বান্দরবান প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দায়িত্ব পালনকালে বান্দরবানে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বান্দরবান-৩০০ আসনে নির্বাচনী দায়িত্ব পালন করছিলেন দৈনিক গণবার্তার সাংবাদিক মোঃ জামাল উদ্দীন। তিনি জানান, গোপন সূত্রে বান্দরবান বাসস্টেশন এলাকায় একটি নির্বাচনী কেন্দ্র দখল ও সম্ভাব্য সংঘর্ষের খবর পান। সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ঘটনাস্থলে গিয়ে নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন তিনি।
এ সময় আরিফুল ইসলাম চৌধুরী ও তার সঙ্গে থাকা কয়েকজন তাকে লক্ষ্য করে হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক। তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর করে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে আধমরা অবস্থায় পাশের একটি ঝিরিতে ফেলে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনার পর গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভুক্তভোগীর বোন পারভীন বাদী হয়ে বান্দরবান সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহেদ পারভেজ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আহত সাংবাদিককে উদ্ধার করেছে। লিখিত এজাহার পাওয়ার পর নিয়মিত মামলা রুজু প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযুক্ত আরিফুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যে তার প্রতিক্রিয়া দিয়েছেন। এ নিয়ে নতুন করে কোনো মন্তব্য করতে রাজি নন তিনি।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাংবাদিক মহল এ হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।