**হিলিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শয়নকক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার**
স্টাফ রিপোর্টার
মোঃ মেহেদী হাসান খান, হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে সিমি আক্তার (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিমি আক্তার ওই এলাকার রবিনের স্ত্রী। জীবিকার তাগিদে রবিন বর্তমানে ঢাকায় কাজ করছেন।
স্থানীয় বাসিন্দা আল আমিন জানান, সকালে বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে সিমি আক্তারকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
তিনি আরও জানান, নিহতের স্বামী রবিন পূর্বে ফুলবাড়ি উপজেলার মাদলাহাট এলাকায় বিয়ে করেছিলেন এবং তার দুই সন্তান রয়েছে। বর্তমানে রবিন ঢাকায় অবস্থান করছেন।
এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ, সিমিকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। তবে নিশ্চিত হওয়ার জন্য মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।”
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।