সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সুন্দরগঞ্জের চরাঞ্চলে সেনাবাহিনীর নৌ-মহড়া
মোঃ মহিবুল্লাহ মেহেদী
উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সেনাবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি দুর্গম চরাঞ্চলের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছে এবং নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে তাদের আশ্বস্ত করেছে।
ভোটের পরিবেশ নির্বিঘ্ন রাখতে সুন্দরগঞ্জ উপজেলার নদীবেষ্টিত ও দুর্গম চরাঞ্চলে নৌপথে বিশেষ মহড়া পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর সুন্দরগঞ্জ আর্মি ক্যাম্প।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নসহ বিভিন্ন চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকায় এ নৌ-মহড়া পরিচালিত হয়। মহড়াকালে সেনাবাহিনীর সদস্যরা নৌপথে দুর্গম ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
এ সময় চরাঞ্চলের ভোটারদের শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আশ্বস্ত করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে। বিশেষ করে নৌপথনির্ভর দুর্গম এলাকায় ভোটগ্রহণের দিনসহ তার আগ-পরে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করবে।
নৌপথে সেনাবাহিনীর টহল ও নিরাপত্তা মহড়ায় স্থানীয় চরাঞ্চলের বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেন। তারা বলেন, সেনাবাহিনীর সরাসরি উপস্থিতি ও যোগাযোগ তাদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে।
উল্লেখ্য, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সুন্দরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে।