সিঙ্গিপাড়া-বর্নি ১২ কিলোমিটার সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে: জসিম মুন্সী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া বাজার থেকে বর্নি বাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ সড়কটির এখন বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। কোথাও কোথাও সড়কের পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা এখন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ী যাতায়াত করলেও এর সংস্কারের উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্ষার মৌসুমে রাস্তায় পানি জমে চলাচল একেবারেই দুঃসাধ্য হয়ে পড়ে। ভ্যান, ইজিবাইকসহ ছোট যানবাহনগুলো পড়ে যাচ্ছে দুর্ঘটনার শিকার হয়ে, ফলে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
এলাকাবাসী জানায়, সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে যায়। স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছে। স্থানীয় ব্যবসা-বাণিজ্যও ব্যাহত হচ্ছে। অনেক সময় রোগী নিয়ে অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে পড়ছে গর্তে।
বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির বলেন, “সিঙ্গিপাড়া থেকে বর্নি পর্যন্ত এ সড়কই আমাদের একমাত্র যোগাযোগ পথ। কিন্তু এটির অবস্থা এখন এমন যে, মনে হয় শিগগিরই রাস্তাটি খালের সঙ্গে মিশে যাবে। এত ভয়াবহ অবস্থা টুঙ্গিপাড়ায় আর কোনো সড়কে নেই।”
এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই যেন জরুরি ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার করা হয়। তারা এলজিইডি, স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।