শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে হরিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদ| হরিপুর, ঠাকুরগাঁও।
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ খ্রি.
সারা দেশে আন্দোলনরত শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় শিক্ষক সমাজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
মঙ্গলবার সকালে হরিপুর উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর, বাজার এলাকা এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিক্ষা অফিসের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলার সরকারি ও বেসরকারি বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসার শিক্ষক–কর্মচারীরা। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তারা ‘শিক্ষকদের উপর হামলার বিচার চাই’, ‘দাবি মানতে হবে’, ‘শিক্ষকদের মর্যাদা রক্ষা করো’ ইত্যাদি শ্লোগান দিতে দিতে সমবেত হন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে যারা রাস্তায় নেমেছেন, তাদের ওপর যেভাবে হামলা চালানো হয়েছে, তা অমানবিক ও নিন্দনীয়। শিক্ষক সমাজের প্রতি এ ধরনের আচরণ গোটা জাতিকে মর্মাহত করেছে। তারা বলেন, শিক্ষকরা সমাজ গঠনের কারিগর, তাঁদের উপর হামলা মানে শিক্ষা ব্যবস্থার উপর আঘাত।
বক্তারা আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা ও বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে চলমান আন্দোলন যৌক্তিক। সরকারের কাছে দাবি জানানো হয়—দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের দাবি বাস্তবায়ন করতে এবং হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে।
বক্তারা বলেন, শিক্ষকদের আন্দোলন কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়; এটি ন্যায্য পাওনা আদায়ের লড়াই। শিক্ষক সমাজ সবসময় দেশের শিক্ষা অগ্রগতির জন্য কাজ করে এসেছে। কিন্তু ন্যায্য দাবিতে আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হতে হবে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এর আগে সকাল ১০টায় শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে। পুরো উপজেলা জুড়ে আন্দোলনের প্রভাব পড়ে, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকে।
তারা জানান, সরকার যদি দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের দাবি মেনে না নেয়, তবে সারা দেশের শিক্ষক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
বিক্ষোভ শেষে শিক্ষকরা শান্তিপূর্ণভাবে মিছিল সমাপ্ত করেন এবং দেশের সকল শিক্ষক–কর্মচারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।