November 11, 2026, 11:47 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত কেশরখালী খাল দখল ও দূষণে অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী জলপথ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি

ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত কেশরখালী খাল
দখল ও দূষণে অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী জলপথ

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় ও করতোয়া নদীর সঙ্গে সংযোগকারী চান্দাইকোনা এলাকার কেশরখালী খাল দখল ও দূষণের কারণে আজ অস্তিত্ব সংকটে। একসময় খরস্রোতা ও নৌচলাচলযোগ্য এই খালটি বর্তমানে অবৈধ দখল এবং ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় কেশরখালী খাল দিয়ে সারা বছর নৌকা চলাচল করত। জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ নৌপথে চান্দাইকোনা হাটে এসে বাণিজ্য করতেন। তবে প্রায় ৩০ বছর আগে খালটির দুই পাড়ে দখল শুরু হয়, যা সময়ের সঙ্গে ভয়াবহ রূপ ধারণ করেছে।
দখলের ফলে খালের বিভিন্ন অংশে গড়ে উঠেছে বড় বড় স্থাপনা। এতে খালের স্বাভাবিক প্রশস্ততা কমে গিয়ে অনেক স্থানে এটি নালার মতো সংকুচিত হয়ে পড়েছে। পাশাপাশি চান্দাইকোনা হাট ও আশপাশের বাসাবাড়ির ময়লা-আবর্জনা খালে ফেলার কারণে খালের স্বাভাবিক পানিপ্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে।
চান্দাইকোনা বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম এই কেশরখালী খাল। কিন্তু দখল ও দূষণের কারণে নিষ্কাশনব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই চান্দাইকোনা বাজারের প্রধান সড়ক, চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যা জনদুর্ভোগ বাড়াচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে অচিরেই কেশরখালী খাল পুরোপুরি বিলীন হয়ে যাবে। তাই জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় খালটি দ্রুত দখলমুক্ত করে খননের মাধ্যমে সচল করার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় জলবায়ুকর্মী মো. ফয়সাল বিশ্বাস বলেন,
“কেশরখালী খালটি এই এলাকার প্রাকৃতিক পানি নিষ্কাশনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। দখল ও দূষণের কারণে এর স্বাভাবিক প্রবাহ নষ্ট হয়ে গেছে, যা পরিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক হুমকি।”
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক দীপক কুমার কর বলেন,
“খাল ও জলাশয় রক্ষা না করলে জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করবে। সিরাজগঞ্জ জেলার সব খাল দখল ও দূষণমুক্ত করে খনন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া জরুরি।”
এ বিষয়ে চান্দাইকোনা ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. ফিরোজ আহমেদ বলেন,
“কেশরখালী খালটি সরকারি খাস সম্পত্তি। এসএ রেকর্ডে এটি সর্বসাধারণের ব্যবহারযোগ্য হিসেবে উল্লেখ রয়েছে।”
তবে দখলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সদ্য যোগদান করায় বিষয়টি সম্পর্কে তার সুনির্দিষ্ট ধারণা নেই।
রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন,
“বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানান,
“প্রথম ধাপে কয়েকটি খাল সংস্কার করা হয়েছে। দ্বিতীয় ধাপে প্রকল্প অনুমোদন হলে কেশরখালী খালটি সংস্কার করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা