পঞ্চগড়ে দুদকের ১৮৯তম গণশুনানি অনুষ্ঠিত, রেকর্ডসংখ্যক অভিযোগের শুনানি
**মোঃ নয়ন আলী, পঞ্চগড় জেলা প্রতিনিধি**
পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর ১৮৯তম গণশুনানি, যেখানে জেলার ৪২টি সরকারি ও বেসরকারি দপ্তরের বিরুদ্ধে রেকর্ডসংখ্যক ১১৮টি অভিযোগের শুনানি সম্পন্ন হয়েছে। এটি এখন পর্যন্ত দুদকের সর্বোচ্চ অভিযোগের গণশুনানি হিসেবে বিবেচিত।
শনিবার (৯ নভেম্বর ২০২৫) সকালে জেলা সরকারি অডিটোরিয়ামে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মাননীয় কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন,
> “নিজের বিবেক কাউকে লিজ দেবেন না। সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। কোনো রাজনৈতিক প্রভাব বা লোভ-লালসা যেন দায়িত্ব পালনে প্রভাব না ফেলে।”
বিশেষ অতিথি দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন,
“দুর্নীতি করার আগে একশবার ভাবুন—একটি মামলার কারণে শুধু আপনি নয়, আপনার পুরো পরিবার ভোগান্তিতে পড়বে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মো. খালিদ তৌহিদ এবং দুদকের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাং নুরুল হুদা।

দুদক সূত্রে জানা গেছে, গণশুনানিতে মোট দুই শতাধিক অভিযোগ জমা পড়লেও তফসিলভুক্ত ১১৮টি অভিযোগের শুনানি সম্পন্ন হয়। শুনানির পর দুদক দুইটি অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
এছাড়া ঘুষ ও অনিয়মের অভিযোগে দুই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দুই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বাকি অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসনকে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
গণশুনানিতে শতাধিক সাধারণ মানুষ উপস্থিত থেকে সরাসরি অভিযোগ ও বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসন ও দুদক দুর্নীতির বিরুদ্ধে জনমত এবং জবাবদিহিতা নিশ্চিত করার বার্তা দিয়েছেন।