চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত
মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেহা তুজ জোহরা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড অফিসার, থানা তদন্ত অফিসার, সেনাবাহিনীর প্রতিনিধি, বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) অফিসার, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, আনসার বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন প্রার্থীর প্রতিনিধিবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ, মাদক ও চোরাচালান দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব অনুযায়ী শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেহা তুজ জোহরা বলেন, “নির্বাচনসহ যেকোনো গুরুত্বপূর্ণ সময়ে জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। সবাইকে একসাথে কাজ করতে হবে।”
সভা শেষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল দপ্তরের সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।