চরফ্যাশনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
মীর শাহীন
জেলা প্রতিনিধি
ভোলা।
ভোলার চরফ্যাশন উপজেলার চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে এসোসিয়েশন অব ভলান্টারি একশনস ফর সোসাইটি (আভাস) এবং কারিগরি সহায়তা প্রদান করে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। কার্যক্রমটি বাস্তবায়িত হয় “দুর্বার: গার্লস লেড ক্লাইমেট সলিউশন” প্রকল্পের অধীনে।
দিবসটি উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে দক্ষিণ আইচা বাজার প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বিদ্যালয়ের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিন আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান, সিপিপি ইউনিয়ন টিম লিডার মোঃ এনায়েত হোসেন, দুর্বার প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ রবিউল আমিন এবং সঞ্চালনা করেন ওয়াইইই অফিসার জামাল উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মনিটরিং অফিসার আমান উল্লাহ, ডিআরআর অফিসার রায়হানুল ইসলাম সুজন, এসআরএইচআর অফিসার তাসলীমা খানম, ফিল্ড ফ্যাসিলিটেটর ওবায়দুর রহমান, সাবিনা ও হাওয়ানুর। এছাড়াও অংশগ্রহণকারী কিশোর-কিশোরীরা বক্তব্য রাখেন।

দুর্বার কন্যা সুমা তার বক্তৃতায় আয়োজকদের এধরনের আয়োজন করায় ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্যোগে ক্ষয়-ক্ষতি রোধে শিক্ষার্থীদের আরো সচেতনতামূলক অনুষ্ঠানে সম্পৃক্ত করার বিষয়ে জোর দিতে হবে। উপকূলীয় অঞ্চল হিসেবে চর মানিকা দুর্যোগের কেন্দ্রবিন্দু হিসেবে আখ্যা দিয়ে তিনি এ অঞ্চলের সাধারণ জনগণকে আরো সচেতন করার গুরুত্ব তুলে ধরেন।
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আরাফাত বলেন, দুর্যোগে যুবকদের শক্তিশালী ভূমিকা দুর্যোগে ক্ষয়-ক্ষতি হ্রাসে ব্যাপক ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।
বক্তারা দুর্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং তা মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষক সাইদুর রহমান তার বক্তব্যে শিক্ষার্থীদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সম্পর্কে ধারণা দেন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
সিপিপি ইউনিয়ন টিম লিডার মোঃ এনায়েত হোসেন ১৯৭০ সালের ভয়াবহ সাইক্লোন এর অভিজ্ঞতা তুলে ধরে সে সময়ের বিভীষিকাময় পরিস্থিতির বর্ণনা দেন। ব্যক্তিগত সেই স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
দুর্বার প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ রবিউল আমিন তার বক্তব্যে শিক্ষার্থীদের তারুণ্যের শক্তি ইতিবাচক কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, তরুণদের এই উদ্যম ও শক্তিকে কাজে লাগিয়ে দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। পাশাপাশি তিনি পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কেও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।
আমন্ত্রিত অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।