কালাইয়ে ১৪৬ জনের মাঝে প্রতিমন্ত্রী আব্দুল বারীর স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ
মোঃ সুমন মন্ডল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারীর উদ্যোগে জয়পুরহাটের কালাইয়ে ১৪৬ জন সুবিধাভোগীর মাঝে স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় কালাই উপজেলা সদরে প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত সুবিধাভোগীদের হাতে তিনি নিজে নগদ অর্থ তুলে দেন। এ সময় প্রত্যেক সুবিধাভোগীকে ২ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়।
অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বেগম বারী, তাঁর ছেলে তৌফিক হাসান বারী, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ, কালাই থানা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, সিনিয়র আহ্বায়ক মৌদুদ আলম সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদারসহ বিভিন্ন এলাকার বিএনপি নেতাকর্মীরা।
স্বেচ্ছাধীন তহবিল থেকে পাওয়া এই অর্থ সুবিধাভোগীদের জন্য সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। অর্থ হাতে পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিমন্ত্রী আব্দুল বারীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করেন।
স্থানীয় বিভিন্ন এলাকার সুবিধাভোগীদের মাঝে এ অর্থ বিতরণের উদ্যোগকে অনেকে সহায়তামূলক কার্যক্রম হিসেবে দেখছেন।