ঈশ্বরদীতে আলোচিত বিএনপি নেতা খুনের মূল আসামি গ্রেপ্তার
তৌকিমুজ্জামান অন্তর
ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে আলোচিত বিএনপি নেতা হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। হত্যাকাণ্ডের ছয় দিন পর সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গত ১৭ ডিসেম্বর পাবনা জেলার ঈশ্বরদী থানার অন্তর্গত লক্ষীকুন্ডা ইউনিয়নের আবুল মোল্লার ছেলে ও লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীরু মোল্লাকে জমি সংক্রান্ত বিরোধের জেরে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ সৃষ্টি হয়।
র্যাব-১২ সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। ধারাবাহিক গোয়েন্দা তৎপরতার একপর্যায়ে হত্যাকাণ্ডের মূল আসামি জহুরুল মোল্লার অবস্থান শনাক্ত করা হয়। পরে র্যাব-১২ এর একটি চৌকস দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহুরুল মোল্লা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও আলামত আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এদিকে, প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় নিহত বীরু মোল্লার পরিবার কিছুটা স্বস্তি প্রকাশ করেছে। তারা দ্রুত আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা এই অভিযানে সংশ্লিষ্ট র্যাব ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীরাও ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান। তারা বলেন, রাজনৈতিক নেতা হত্যার মতো জঘন্য অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা না গেলে সমাজে অপরাধ প্রবণতা আরও বেড়ে যাবে।
ঈশ্বরদী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।