রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, র্যালি ও মানববন্ধনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল মোত্তালেব শেখ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক জুবায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন—
সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম, যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, জামায়াত নেতা আবু জাফর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল, ছাত্র প্রতিনিধি ইশরাত জাহান এশা, শেখ রিয়াদসহ অনেকে।
এ সময় উপজেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্নীতি সমাজকে দুর্বল করে দেয়। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। যুবসমাজকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ এর কার্যক্রম।
শেষে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জানান আয়োজকরা।