বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে চীনা শ্রমিকের মৃত্যু
হেলাল উদ্দিন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:-
দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে ১৩০৫ নং কোল ফেইসে কাজ করার সময় মি. সিং সিয়াওজুন (৪৩) নামের একজন চীনা খনিশ্রমিকের মৃত্যু হয়েছে। সিং সিয়াওজুন খনির ভূগর্ভের ভেন্টিলেটর সাইডের শ্রমিক ছিলেন।
খনিশ্রমিক সূত্রে জানা যায়, সিং সিয়াওজুন সোমবার (৯ নভেম্বর) রাতের শিফটে রাত ১১টায় খনি ভূগর্ভের ১৩০৫ নং কোল ফেইজে কয়লা উত্তোলনের কাজের জন্য নিচে নামেন। এরপর কাজ করার এক পর্যায়ে রাত ৩টার পর থেকে তার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ভূগর্ভের ওই কোল ফেইস থেকে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে কয়লাখনি কর্তৃপক্ষ চীনা খনিশ্রমিকের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে না পারলেও খনি শ্রমিকরা বলছেন ভূগর্ভে অক্সিজেনের স্বল্পতার কারণে তার মৃত্যু হতে পারে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) খান মো. জাফর সাদিক চীনা শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দৈনন্দিন কাজের অংশ হিসেবে মি. সিং সিয়াওজুন, দুইজন সহকর্মীসহ (স্থানীয় শ্রমিক) ভুগর্ভে গ্যাস পরিমাপ করতে যান। স্থানীয় শ্রমিকদের ভিন্ন স্থানে গ্যাস পরিমাপের জন্য পাঠিয়ে নিজে ১৩০৫ নং কোল ফেইসের সীল ওয়ালের পার্শ্বে গ্যাস পরিমাপ করতে যান। পরবর্তীতে সহকর্মী স্থানীয় শ্রমিকরা সিং সিয়াওজুন ভুগর্ভের নির্দিষ্ট স্থানে খুঁজে না পাওয়ায় বিষয়টি ভূপৃষ্ঠের (সারফেস) কন্ট্রোল রুমে বিষয়টি অবহিত করেন। পরে রেসকিউ টিম গিয়ে খোঁজাখোঁজি করে ১৩০৫ ফেইসের সীল ওয়ালের পাশে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ আলী জানান, এ ঘটনায় মরদেহ ময়না তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়র করা হবে।