পাটগ্রামে বিদায়ী নির্বাহী কর্মকর্তা ও ওসি মিজানুর রহমানকে প্রেস ফাইভ-এর সংবর্ধনা
সদ্য বিদায়ী দুই কর্মকর্তার প্রতি সাংবাদিকদের কৃতজ্ঞতা ও শুভকামনা
আব্দুস সামাদ
পাটগ্রাম, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের অন্যতম বৃহৎ সাংবাদিক সংগঠন প্রেস ফাইভ–এর উদ্যোগে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ এবং পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান–কে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রেস ফাইভের পাটগ্রাম উপজেলা শাখার সদস্যরা বিদায়ী দুই কর্মকর্তাকে ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ফাইভের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সবুজ। উপস্থিত ছিলেন সাংবাদিক সাফিউল ইসলাম সাফি, আব্দুস সামাদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও উত্তম কুমার দাশ ও ওসি মিজানুর রহমান দায়িত্ব পালনকালে পাটগ্রামবাসীর আস্থা অর্জন করেছেন। প্রশাসনিক সেবা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব উদ্যোগ গ্রহণে তাঁদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। সাংবাদিকদের সঙ্গে সুদৃঢ় কর্মসম্পর্ক বজায় রেখে সকল সরকারি কার্যক্রমে সহযোগিতা করায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
বিদায়ী ইউএনও উত্তম কুমার দাশ তাঁর বক্তব্যে পাটগ্রামে দায়িত্ব পালনকালে পাওয়া সহযোগিতার জন্য সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন,
“সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা প্রসাশনিক কাজকে আরও সহজ করেছে। পাটগ্রামের উন্নয়ন ও জনসেবায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
তিনি প্রেস ফাইভের ভবিষ্যৎ সাফল্য কামনা করে বলেন, সংগঠনটি আগামীতেও দেশ ও জাতির কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁর বিশ্বাস।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জ মিজানুর রহমানের দায়িত্বকালীন আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব policing-এর প্রশংসা করেন সাংবাদিকরা।
অনুষ্ঠানটি শেষে বিদায়ী দুই কর্মকর্তার দীর্ঘায়ু, সফলতা ও নতুন কর্মস্থলে আরো সমৃদ্ধির জন্য শুভকামনা জানানো হয়।