ডিএসবি ও ডিবি সিরাজগঞ্জের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিএসবি) ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)–এ কর্মরত অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে ডিএসবি ও ডিবি সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “জেলার নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা আরও বৃদ্ধি করতে হবে। অপরাধ ঘটার পূর্বেই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে হবে।” একই সঙ্গে তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব আরোপ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তারা জেলার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা, চলমান অপরাধ দমন অভিযান, চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং জনগণের দ্রুত সেবা নিশ্চিতকরণসহ নানান বিষয়ে মতামত তুলে ধরেন। তারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও টহল কার্যক্রম জোরদার করা হবে।
এ সময় পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “জনগণের আস্থা ও নিরাপত্তা ফিরিয়ে আনাই আমাদের প্রধান দায়িত্ব। এজন্য পেশাদারিত্ব, মানবিকতা ও প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের বিকল্প নেই।”
সভায় ডিএসবি ও ডিবি শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও শক্তিশালী করতে এ মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।