প্রচার-প্রচারণা নেই গণভোটে,অন্ধকারে সুন্দরগঞ্জের ভোটাররা
গাইবান্ধা প্রতিনিধি,মো: শাহিন মিয়া
গণভোট কী, কীভাবে ভোট দিতে হবে এবং কেনই বা দিতে হবে—এ বিষয়ে পরিষ্কার কোনো ধারণা নেই গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার অনেক ভোটারের। ফলে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গণভোট প্রক্রিয়ায় ভোটারদের বড় একটি অংশ অংশগ্রহণ থেকে বাদ পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, আগামী মাসের ১২ তারিখে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা। তবে নির্বাচনী মাঠে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা ভোটারদের কাছে গিয়ে কেবল সংসদ নির্বাচনের ভোট চাচ্ছেন। গণভোট সম্পর্কে তারা কিছুই জানাচ্ছেন না।
এদিকে সরকারের পক্ষ থেকেও গণভোট বিষয়ে দৃশ্যমান কোনো প্রচার-প্রচারণা এখনো লক্ষ্য করা যায়নি। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি ফেসবুক পেজে এ সংক্রান্ত কিছু ভিডিও আপলোড করা হলেও তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য বলে মনে করছেন স্থানীয়রা।
ফলে গণভোট কী, কীভাবে ভোট দিতে হবে এবং কেন ভোট দিতে হবে—এসব বিষয়ে বিশেষ করে গ্রামাঞ্চলের সাধারণ ভোটারদের মধ্যে চরম বিভ্রান্তি ও অজ্ঞতা বিরাজ করছে। এতে করে গণভোটে ভোটারদের একটি বড় অংশ অংশগ্রহণ করতে না পারার সম্ভাবনা দেখা দিয়েছে।
এ বিষয়ে কথা হয় অটোচালক মমিনুল ইসলাম এর সঙ্গে। তিনি বলেন,
“গণভোট কী—আমরা কিছুই জানি না। আমার বাড়ি সুন্দরগঞ্জ পৌরসভার গাজিরকুড়া গ্রামে সেখানে কেউ গণভোট নিয়ে কিছু বলছে না, কোথায় গিয়ে দিতে হবে তাও জানি না। কী কারণে দেব, সেটাও বলতে পারি না।”
কৃষক আমিনুল (৪৬) বলেন,
“গণভোট কী জন্য হবে বুঝলাম না ভাই। সবাই এসে খালি ভোটের কথাই বলে, কিন্তু গণভোটের কথা কেউ বলে না। তাহলে আমরা জানবো কীভাবে?”
ব্যবসায়ী মো. ছামছুল (২৮) বলেন,
“জানি ১২ ফেব্রুয়ারি এমপি নির্বাচন। ওইদিন ভোট দিতে হবে। কিন্তু গণভোট কবে, কীভাবে দিতে হবে—কিছুই জানি না। কেন দিতে হবে সেটাও তো জানা দরকার।”
গণভোটের প্রচার-প্রচারণা প্রসঙ্গে জেলা তথ্য কর্মকর্তা মো. ইশতিয়াক আহমাদ আবীর বলেন,
“গণভোট বিষয়ে প্রচার-প্রচারণা সব জায়গাতেই করা হচ্ছে। সুন্দরগঞ্জেও কিছু প্রোগ্রাম করা হয়েছে। তবে আরও কার্যক্রম চলমান থাকবে। উঠান বৈঠক, চলচিত্র ও সরব প্রচারের কাজ জেলা তথ্য অফিস থেকে করা হয়েছে।”
তিনি আরও বলেন,
“বিষয়টি বৃহৎ পরিসরে বাস্তবায়নের জন্য গতকাল জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে বৈঠক হয়েছে। এতে প্রত্যেক উপজেলা প্রশাসন, পৌরসভা ও জেলা পরিষদকে যুক্ত করা হয়েছে। সবাই একযোগে কাজ করবে। আশা করছি ভোটের আগেই সকল ভোটারের কাছে বার্তা পৌঁছানো যাবে—ইনশাআল্লাহ।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি জানান, ফেসবুকের মাধ্যমে গণভোট বিষয়ে প্রচার চালানো হচ্ছে। তিনি বলেন,
“গতকাল জেলার আইনশৃঙ্খলা সভার পর এ বিষয়ে আলাদা বৈঠক হয়েছে। আগামীকাল উপজেলা পর্যায়ে মিটিং হবে। সেখানে সরকারি দপ্তরের সকল কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার প্রতিনিধিরা থাকবেন।”
তিনি আরও বলেন,
“গণভোট কী, কীভাবে ভোট দিতে হবে এবং কেন দিতে হবে—এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ভোটারদের সচেতন করতে সরকারি অফিস, ইউনিয়ন পরিষদ ও পৌরসভাসহ গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার টাঙানো হবে। পাশাপাশি লিফলেট বিতরণ, ভ্রাম্যমাণ ভিডিও প্রদর্শন ও মাইকিংয়ের ব্যবস্থাও থাকবে।”