ঝুঁকিপূর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়েই সেবা দিচ্ছেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় সবার আগে ছুটে গিয়ে মানুষকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ ভবনের কারণে এখন নিজেরাই চরম জীবনের ঝুঁকিতে রয়েছেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। একেবারেই ঝুঁকিপূর্ণ ভবনে চলছে সিরাজগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশন অফিসের কার্যক্রম।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিনের পুরোনো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভবনের পলেস্তারা খসে পড়ছে, বেঁকে গেছে জানালার গ্রিল, নষ্ট হয়ে গেছে দরজার চৌকাঠ। ব্যারাক, গ্যারেজ বিল্ডিং ও অফিস কক্ষের পিলার এবং দেয়ালেও দেখা দিয়েছে বিপজ্জনক ফাটল। ভবনের ছাদ ও কার্নিশের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বৃষ্টি হলেই রুমের ভেতরে চুইয়ে পড়ে পানি। পাশের আরেকটি ভবনে কোনোমতে বসবাস করছেন কর্মীরা। সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি নিয়েই কর্মকর্তা-কর্মচারীরা দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
জানা যায়, ১৯৬১ সালে পাকিস্তান আমলে সিরাজগঞ্জ পৌর এলাকার ইলিয়াড ব্রিজের পাশে একতলা বিশিষ্ট এই ফায়ার সার্ভিস স্টেশন ভবনটি নির্মাণ করা হয়। নিচতলায় রয়েছে পানিবাহী গাড়ির গ্যারেজ ও অফিস কক্ষ এবং ছাদের ওপর পানির ট্যাংক। তবে দীর্ঘ ৬৪ বছরের পুরোনো স্থাপনা হওয়ায় ভবনটির অবস্থা এখন অত্যন্ত নাজুক। কয়েক দফা মেরামত ও সংস্কার করা হলেও ঝুঁকি কমেনি। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
জেলার বিভিন্ন উপজেলায় নতুন ফায়ার সার্ভিস ভবন নির্মাণ হলেও সদরের একমাত্র ফায়ার সার্ভিস স্টেশনটি এখনো পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে। প্রথম শ্রেণির জেলা হওয়া সত্ত্বেও এখানে চলছে কার্যত দ্বিতীয় শ্রেণির ফায়ার সার্ভিস কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, মাত্র ৫ মাত্রার ভূমিকম্প হলেই ভবনটি ধসে পড়তে পারে। এই ঝুঁকিপূর্ণ ভবনেই দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছেন প্রায় ৪০ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে প্রতিদিন আতঙ্ক নিয়েই তাদের দায়িত্ব পালন করতে হচ্ছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, “ভবনটি কোনোভাবে জোড়াতালি দিয়ে সেবাদান কার্যক্রম চালানো হচ্ছে। এটি এখন পুরোপুরি ব্যবহারের অনুপযোগী। যে কোনো সময় ৫ মাত্রার ভূমিকম্প হলে ভবনটি ধসে পড়ার ঝুঁকি রয়েছে।”
ফায়ার ফাইটার আব্দুর ছবুর তালুকদার বলেন, “আমরা ব্যারাকে থাকি। বৃষ্টি হলেই ছাদ ও বারান্দা দিয়ে পানি পড়ে। থাকার মতো পরিবেশ নেই। রুমের ছাদ খসে পড়ছে। সবসময় আতঙ্কে থাকতে হয়। নতুন ভবন এখন খুবই জরুরি।”
এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বলেন, “ঝুঁকি নিয়েই আমাদের সেবামূলক কার্যক্রম চলমান রয়েছে। নতুন ভবন নির্মাণের জন্য গণপূর্ত বিভাগসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। গত বছরের ৪ নভেম্বর দ্বিতীয় শ্রেণির ফায়ার স্টেশনকে প্রথম শ্রেণিতে উন্নীত করার জন্য আবেদন করা হয়েছে। বিষয়টি অনেক দূর এগিয়েছে এবং বিভিন্ন দপ্তরে কার্যক্রম চলমান রয়েছে।”
সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমাদুল হাসান জানান, “ভবন নির্মাণের বিষয়ে আমরা একটি চিঠি পেয়েছি। সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে ভবনটির বিভিন্ন জায়গায় ফাটল রয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছে। প্রথম শ্রেণির জেলা হিসেবে এখানে প্রথম শ্রেণির ফায়ার সার্ভিস স্টেশন অবশ্যই প্রয়োজন।”
এখন সংশ্লিষ্টদের দাবি, দ্রুত নতুন ও আধুনিক ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করা না হলে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, যা উদ্ধারকর্মীদের পাশাপাশি জনসাধারণের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করবে।