পিআইবির উদ্যোগে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সিরাজগঞ্জ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে সিরাজগঞ্জ জেলার গণমাধ্যমকর্মীদের জন্য দুই দিনব্যাপী “নির্বাচনকালীন সাংবাদিকতা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন পিআইবি ভবনের সেমিনার রুমে গত ২৫ ও ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ কর্মশালায় দায়িত্বশীল, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণে নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলি, নির্বাচন প্রক্রিয়া, গণপ্রতিনিধিত্ব আদেশ–১৯৭২, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫, নির্বাচন রিপোর্টিংয়ের চ্যালেঞ্জ, ভুয়া তথ্য ও গুজব মোকাবিলা, ফ্যাক্টচেকিং পদ্ধতি এবং সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন দ্য ডেইলি স্টার-এর সিনিয়র রিপোর্টার মো. বাহারাম খান, সারাবাংলা ডট নেট-এর হেড অব নিউজ গোলাম সামদানী ভূঁইয়া, বাংলা ফ্যাক্ট-এর এক্সিকিউটিভ এম এম হাশমী সরকার এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয় করেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ।
দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, এই কর্মশালা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নির্বাচনকালীন সময় দায়িত্বশীল সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলেজের শিক্ষক এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্যও পৃথক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। এসব প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের মধ্যে নির্বাচন, ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে ধারণা আরও সুদৃঢ় করা হয় বলে আয়োজকরা জানান।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিক আবির বলেন,
“আলহামদুলিল্লাহ, পিআইবির আয়োজনে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে সনদ অর্জন করেছি। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ভবিষ্যতে নৈতিক, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় আমাকে আরও অনুপ্রাণিত করবে।”