নীলফামারীতে ১ ও ২ আসনের ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম নীলফামারী |
১ জানুয়ারি, ২০২৬ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে নীলফামারী-১ ও নীলফামারী-২ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ও বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নীলফামারীর ৪টি আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। প্রথম দিনে নীলফামারী-১ ও ২ আসনের যাচাই-বাছাই সম্পন্ন হয়।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা):
এই আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে ১ শতাংশ ভোটারের সমর্থনের তালিকায় অসঙ্গতি থাকায় স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
নীলফামারী-২ (সদর):
সদর আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৫ জনের কাগজপত্র সঠিক পাওয়ায় তাদের মনোনয়ন গৃহীত হয়। বাকি দুই স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত মো. সাইফুল্লাহ রুবেল ও মিনহাজুল ইসলাম মিনহাজের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, “বাতিল হওয়া ৩ স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ১ শতাংশ ভোটারের যে সম্মতিপত্র পেশ করেছিলেন, তাতে সঠিক তথ্য পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।”
আগামীকাল বাকি আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।