ওসমান হাদী হামলা মামলায় নতুন তথ্য, সুষ্ঠু তদন্তের দাবি
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় নতুন কিছু তথ্য সামনে এসেছে। অনলাইন অনুসন্ধানী প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’-এর প্রকাশিত এক প্রতিবেদনে মামলার একটি আইনি দিক তুলে ধরা হয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের পক্ষে আদালতে জামিন আবেদন করেন দুইজন আইনজীবী। প্রতিবেদনের ভাষ্যমতে, ওই আইনজীবীরা রাজনৈতিকভাবে একটি দলের সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত। তবে এ তথ্যকে কেন্দ্র করে কোনো দল বা পক্ষকে দায়ী করা হয়নি এবং বিষয়টি এখনো তদন্তাধীন বলেও উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে রাজধানীর বিজয়নগর এলাকায় শরিফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন, হামলার সঙ্গে যারা জড়িত—তাদের পরিচয় বা রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন—আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি।
এদিকে শরিফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জে সীমিত পরিসরে কয়েকজন নেতাকর্মী শান্তিপূর্ণ মিছিল করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে শিহাব নামের একজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটির সদস্য মন্তব্য করেন,
“হাদী ভাইয়ের ওপর যারা হামলা করেছে, তারা যে দলই করুক—বিএনপি, জামায়াত, এনসিপি বা অন্য কেউ—আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশে আইন সবার জন্যই সমান হওয়া উচিত। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের কঠোরতম শাস্তি দাবি করি।”
সংশ্লিষ্টরা বলছেন, এই ঘটনায় কোনো পক্ষকে দোষারোপের পরিবর্তে সুষ্ঠু তদন্ত, স্বচ্ছ বিচার প্রক্রিয়া এবং আইনের শাসন প্রতিষ্ঠাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনও একই দাবি জানিয়েছে।