ভোলা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মীর শাহীন
স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব সত্যজিৎ কুমার ঘোষ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপারকে ঘিরে আবেগঘন পরিবেশ তৈরি হয়। উপস্থিত বক্তারা মোহাম্মদ শরীফুল হকের কর্মময় জীবনের বর্ণাঢ্য অধ্যায় স্মরণ করেন। তারা বলেন, তিনি একজন সৎ, দক্ষ, মেধাবী এবং সাহসী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে ভোলা জেলা পুলিশ পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে কাজ করেছে, যা জেলার মানুষের হৃদয়ে স্থায়ী ছাপ রেখে গেছে। বক্তারা আরও উল্লেখ করেন, তাঁর সততা, দৃঢ়তা এবং জনগণের প্রতি আন্তরিক মনোভাব জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করেছে।

সমাপনী বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, “ভোলা জেলার মানুষ ও পুলিশ সদস্যরা আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন, তা আজীবন মনে রাখব। দায়িত্ব পালনের সময় কোনো ভুল হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।” তিনি সহকর্মী, অধীনস্থ সদস্য ও ভোলার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার জীবন ও কর্মজীবনের জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠানের শেষে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধনায় ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, থানার অফিসার ইনচার্জ এবং সকল পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।