দিনাজপুরে কালো ব্যাজ ধারণ করে নার্স ও মিডওয়াইফদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার
দিনাজপুর ।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)-এর উদ্যোগে ১৪ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে কালো ব্যাজ ধারণ পূর্বক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বিভিন্ন হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকমপ্লেক্সের নার্স ও মিডওয়াইফদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের কিছু কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির তদন্তের দাবি জানান। পাশাপাশি দীর্ঘদিন ধরে উপেক্ষিত পদোন্নতি, জনবল সংকট সমাধান, নিরাপদ কর্মপরিবেশ, গ্রেড-২ সমতা, ও পেশাগত মানোন্নয়নসহ ১৪ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান।
বিএনএ দিনাজপুর জেলা শাখার সভাপতি বলেন,
“নার্সদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা বহুদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু সংশ্লিষ্ট দপ্তর বারবার আমাদের দাবি উপেক্ষা করছে। আজকের কর্মসূচি আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ।”
বিএমএস জেলা শাখার সাধারণ সম্পাদক বলেন,
“মিডওয়াইফরা দেশের মাতৃস্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু পদোন্নতি, নিরাপত্তা, পর্যাপ্ত প্রশিক্ষণ— কোনো ক্ষেত্রেই আমরা ন্যায্য অধিকার পাচ্ছি না। আমাদের দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”
সিনিয়র স্টাফ নার্স বলেন,
“একদিকে অতিরিক্ত কাজের চাপ, অন্যদিকে জনবল সংকট— দুই দিক সামলে আমরা রোগীদের সেবা দিচ্ছি। তবুও প্রশাসনের কিছু কর্মকর্তার অবহেলা ও কর্তৃত্ব দেখানো আমাদের পেশাকে অসম্মানিত করছে।”
একজন মিডওয়াইফ প্রতিনিধি বলেন,
“আমাদের পেশাগত নিরাপত্তা নেই। অনেক জায়গায় মিডওয়াইফদের কাজকে তুচ্ছ করা হয়। এ জন্যই সমতা, স্বীকৃতি ও পেশাগত সম্মান নিশ্চিত করা জরুরি।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা হাসপাতাল গেট থেকে শুরু করে সংক্ষিপ্ত মিছিল বের করেন এবং পুনরায় গেটে এসে কর্মসূচি সমাপ্ত করেন।
আয়োজকরা জানান, দাবিগুলোর সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।