কোনটি গীবত আর কোনটি নয়—স্পষ্ট ব্যাখ্যা দিলেন শ্রমিক নেতা মনিরুজ্জামান জুয়েল
মোঃ জামিয়ার রহমান
ব্যুরো প্রধান, রংপুর
গীবত সম্পর্কে সমাজে নানা ভুল ধারণা থাকায় বিষয়টি পরিষ্কার করতে সামনে এসেছেন শ্রমিক নেতা মনিরুজ্জামান জুয়েল। তিনি বলেন, ইসলাম কারো অনুপস্থিতিতে তার অপছন্দনীয় সত্য কথা বলাকে গীবত হিসেবে ঘোষণা করলেও, কিছু বিশেষ ক্ষেত্রে মানুষের কল্যাণে সত্য বলা গীবত হিসেবে গণ্য হয় না; বরং তা ইসলামের নির্দেশিত দায়িত্ব।
তিনি জানান, প্রতারক, দুর্নীতিবাজ, অত্যাচারী বা জনস্বার্থবিরোধী ব্যক্তির অনিয়ম প্রকাশ করা কখনোই গীবত নয়। বরং জনগণকে সচেতন করার জন্য অনেক সময় তা ওয়াজিব হয়ে যায়। তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন,
যে অন্যায় দেখবে, সে হাত দিয়ে পরিবর্তন করবে; না পারলে মুখ দিয়ে কথা বলবে; সেটাও না পারলে অন্তরে ঘৃণা করবে—এটাই ঈমানের দুর্বলতম স্তর। —সহীহ মুসলিম
মনিরুজ্জামান জুয়েল ব্যাখ্যা করেন, *শরিয়তে ছয় ধরনের ক্ষেত্রে গীবত প্রযোজ্য নয়, যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ দিক হলো—
১) অত্যাচারী বা প্রতারকের বিষয়ে জনগণকে সতর্ক করা
কেউ দুর্নীতি করছে, ক্ষমতার অপব্যবহার করছে, প্রতারণার মাধ্যমে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে—এমন ব্যক্তির বিষয়ে সত্য বলা গীবত নয়, বরং ন্যায়ের দাবি।
২) মানুষের ক্ষতি ঠেকানোর উদ্দেশ্যে সতর্কবার্তা দেওয়া
যেমন কেউ অর্থ লুট করছে, ভোট কিনছে, বা জনস্বার্থবিরোধী কাজে যুক্ত—এ সম্পর্কে মানুষকে জানানো সমাজ রক্ষার দায়িত্ব।
৩) নেতৃত্ব বা দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে সতর্কতা
যদি কেউ অযোগ্য, দুর্নীতিগ্রস্ত বা চরিত্রগতভাবে অনুপযুক্ত হয়—এ তথ্য বলা গীবত নয়; বরং জনগণের অধিকার সুরক্ষা।
৪) ন্যায়বিচারের স্বার্থে সাক্ষ্য প্রদান
চুরি, জালিয়াতি, প্রতারণার মতো বিষয় আদালতে বা কর্তৃপক্ষের কাছে বলা গীবত হিসেবে গণ্য হয় না।
তিনি আরও বলেন, গীবত হবে তখনই যখন উদ্দেশ্য হবে কারো অপমান, বিদ্বেষ, হেয়প্রতিপন্ন করা বা অপ্রয়োজনীয়ভাবে আলাপ-আলোচনায় কারো দোষ চর্চা করা।
ইমাম নববী (রহ.)-এর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, জালিমের বিরুদ্ধে সত্য বলা মন্দ কাজ থেকে বিরত রাখার অংশ; এটি গীবত নয়।”
মনিরুজ্জামান জুয়েল মনে করিয়ে দেন, সত্যকে চাপা দিলে জালিম আরও শক্তিশালী হয়। তাই জনস্বার্থে অন্যায়ের প্রতিবাদ করাই ইসলামের মূল শিক্ষা।