নূরে মদিনা মাদ্রাসায় শিক্ষককে মারধর, একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
সজীব আলী নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের নূরে মদিনা ক্বওমি মাদ্রাসায় এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের পক্ষে ভিডিওসহ বিভিন্ন প্রমাণ নিয়ে কয়েকজন অভিভাবক মাদ্রাসায় হাজির হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা যায়।
অভিভাবকদের অভিযোগের পর বলাৎকারের অভিযোগে অভিযুক্ত ওই শিক্ষককে মাদ্রাসার মুহতামিম ও কয়েকজন অভিভাবক মারধর করেন বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে অভিযুক্ত শিক্ষককে মারধর করতে দেখা যায়। এ সময় তাকে উদ্দেশ করে শিক্ষার্থীদের সঙ্গে এমন কাজ করার বিষয়ে প্রশ্ন করতেও শোনা যায়।
অভিভাবকদের দাবি, একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথিত যৌন নিপীড়নের বিষয়ে তাদের কাছে ভিডিওসহ বিভিন্ন প্রমাণ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এবং ভিডিওগুলোর প্রকৃত প্রেক্ষাপট এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক এবং অভিযোগ সত্য হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।