সুন্দরগঞ্জে ঝড়ে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি
মোঃ মহিবুল্লাহ মেহেদী
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে গাছপালা ও বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গতকাল রাতে হঠাৎ করে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হলে উপজেলার বিভিন্ন এলাকায় আম, ভুট্টা, গমসহ মৌসুমী ফসলের ক্ষতি হয় এবং অনেক গাছ উপড়ে পড়ে।
স্থানীয়রা জানান, ঝড়ের তীব্রতায় অনেক বাড়ির আঙিনার গাছপালা ভেঙে পড়ে এবং ক্ষেতের ধান ও ভুট্টা মাটিতে লুটিয়ে পড়ে। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। শিলাবৃষ্টির কারণে অনেক স্থানে আমের গুটি ঝরে পড়েছে এবং ভুট্টার মোচা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, হঠাৎ এই ঝড় ও শিলাবৃষ্টির কারণে তাদের অনেক পরিশ্রমের ফসল নষ্ট হয়ে গেছে। অনেকেই এখন ক্ষতির পরিমাণ নিয়ে চিন্তিত।

স্থানীয়রা জানান, ঝড়ের সময় হঠাৎ করে উপজেলা পরিষদ শিশু নিকেতনের রাস্তার পাশে থাকা প্রাচীন জাম গাছটি ভেঙে সড়কের ওপর পড়ে যায়। এ সময় গাছটি বৈদ্যুতিক তারের ওপরও পড়ায় এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলো আটকা পড়ে এবং বেশ কিছু সময় যান চলাচল বিঘ্নিত হয়।
পরে খবর পেয়ে পল্লী বিদ্যুতের কর্মীরা ঘটনাস্থলে এসে গাছ কেটে সরিয়ে দেন এবং বৈদ্যুতিক লাইনের সমস্যা সমাধান করেন। গাছ অপসারণের পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।