১৮ হাজার টাকা ও একজন নূর আলমের সততা: আদিতমারীতে চাঞ্চল্য!
মিনহাজুল হক বাপ্পী, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
বর্তমান সময়ে যেখানে অন্যের পাওনা বা অর্থ আত্মসাতের খবর অহরহ পাওয়া যায়, সেখানে সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার নূর আলম নামে এক ব্যক্তি। ভুলবশত নিজের নগদ (Nagad) অ্যাকাউন্টে চলে আসা ১৮,২০০ টাকা কোনো দ্বিধা ছাড়াই প্রকৃত মালিককে ফেরত দিয়ে এলাকায় প্রশংসায় ভাসছেন তিনি।
ঘটনা সূত্রে জানা গেছে, উপজেলার পলাশী ইউনিয়নের মোজাহেদুল ইসলাম নামে এক ব্যক্তি ঈদের কেনাকাটা ও প্রয়োজনীয় কাজের জন্য নগদ অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে গিয়ে অসাবধানতাবশত একটি ভুল নম্বরে ১৮,২০০ টাকা পাঠিয়ে দেন। মুহূর্তেই ঈদের আনন্দ বিষাদে পরিণত হয় মোজাহেদুলের পরিবারে।

অন্যদিকে, টাকাটি গিয়ে পৌঁছায় ভেলাবাড়ী ইউনিয়নের আমনা বাজার স্কুল সংলগ্ন দোকানের মালিক নূর আলমের কাছে। অচেনা নম্বর থেকে বড় অঙ্কের এই টাকা আসার পর তিনি মোটেও প্রলুব্ধ হননি। বরং প্রকৃত মালিককে খুঁজে বের করে কোনো প্রকার হয়রানি ছাড়াই সম্পূর্ণ টাকাটি বুঝিয়ে দেন।
টাকা ফেরত পেয়ে মোজাহেদুল ইসলাম আবেগাপ্লুত হয়ে বলেন, “এই খুশির সময়ে ১৮ হাজার টাকা হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। নূর আলম ভাই প্রমাণ করে দিলেন যে সমাজে এখনো ভালো মানুষ বেঁচে আছেন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ।”
নূর আলমের এই সততার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাঁকে সাধুবাদ জানান। এলাকাবাসীর মতে, নূর আলমের এই দৃষ্টান্ত আমাদের সমাজের জন্য একটি বড় শিক্ষা। নৈতিকতা ও সততা যে এখনো মানুষের মনে অটুট রয়েছে, এই ঘটনা তারই প্রমাণ।