কালীগঞ্জে ঈদ উপহার: ২২,৮৬৪ পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল
মিনহাজুল হক বাপ্পী লালমনিরহাট জেলা প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারগুলোর জন্য ১০ কেজি করে ভিজিএফ (VGF) চাল বরাদ্দ দিয়েছে সরকার। উপজেলার ৮টি ইউনিয়নে মোট ২২ হাজার ৮৬৪টি পরিবার এই খাদ্য সহায়তা পাবেন।
গত ৩ মার্চ ২০২৬ (১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এক সরকারি আদেশে এই বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ২০২২ সালের আদমশুমারির জনসংখ্যার ভিত্তিতে ইউনিয়নওয়ারী এই কার্ডগুলো বণ্টন করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ভোটমারী ইউনিয়নে ২,০১৪টি, মদাতীতে ৩,০৪৫টি, তুষভান্ডারে ৪,৩৫১টি, দলগ্রামে ২,৪৯৭টি, চন্দ্রপুরে ৩,০২৮টি, গোড়লে ১,৯২৫টি, চলবলায় ২,৪২৬টি এবং কাকিনা ইউনিয়নে ২,১৭৮টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জানান, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার যেন প্রকৃত দুঃস্থদের হাতে পৌঁছায়, আমরা সেদিকে কঠোর নজর রাখছি। উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত এবং অসহায় নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, “মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা অনুযায়ী আমরা দ্রুত তালিকা তৈরির কাজ করছি। প্রতিটি তালিকায় কমপক্ষে ৭০ শতাংশ নারী অন্তর্ভুক্ত করার বাধ্যবাধকতা রয়েছে। আশা করছি ঈদের আগেই কার্ডধারীদের হাতে চাল পৌঁছে যাবে।