ফুলজোড় নদী দূষণের প্রতিবাদে চান্দাইকোনায় বিক্ষোভ সমাবেশ ও লংমার্চের ঘোষণা
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ফুলজোড় নদীতে কেমিক্যালযুক্ত বিষাক্ত পানি নিষ্কাশনের।
চান্দাইকোনা বাজারে বিক্ষোভ সমাবেশ শেষে সংশ্লিষ্ট কারখানা অভিমুখে লংমার্চ কর্মসূচির ডাক দিয়েছেন ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ।
নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসআর কেমিক্যাল কারখানা থেকে বিষাক্ত বর্জ্য নদীতে ফেলা হচ্ছে, যার ফলে ফুলজোড় নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। এতে নদীর মাছ ও জলজ প্রাণী মারা যাচ্ছে, কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব পড়ছে।
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রায়গঞ্জ উপজেলা শাখা পূর্ণ সমর্থন জানিয়েছে। আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে, “ফুলজোড় নদী আমাদের জীবন ও জীবিকার সাথে জড়িত। নদী ধ্বংস হলে কৃষি, মৎস্য ও মানুষের জীবন হুমকির মুখে পড়বে। তাই দল-মত নির্বিশেষে সবাইকে নদী রক্ষার আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।”
আয়োজকরা জানান, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ, দূষণ বন্ধ এবং দায়ী কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে।
এলাকাবাসীর আশা, এই কর্মসূচির মাধ্যমে ফুলজোড় নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদী ও প্রকৃতি সংরক্ষিত থাকবে।