রায়গঞ্জে নিম্নমানের কাজ, প্রশ্নের মুখে ধানগড়া–ভুইয়াগাঁতী সড়ক সংস্কার প্রকল্প
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ধানগড়া থেকে ভুইয়াগাঁতী আঞ্চলিক সড়কের সংস্কার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কাজের গুণগত মান নিশ্চিত না করেই দ্রুত পিচ ঢালাই করা হচ্ছে, যা নিয়ে এলাকাজুড়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানগড়া বাসস্ট্যান্ড থেকে রায়গঞ্জ থানাগামী প্রধান সড়কটির কাজ যথাযথভাবে করা হচ্ছে না। অভিযোগ রয়েছে, ধুলাবালির ওপরই পিচ ঢালাই দেওয়া হচ্ছে, যা দীর্ঘস্থায়ী না হওয়ার আশঙ্কা তৈরি করেছে। এ বিষয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন এবং অনিয়মের বিষয়টি জনসমক্ষে তুলে ধরেছেন।

স্থানীয় বাসিন্দা মন্টু নামের এক ব্যক্তি বলেন, “অনেক বছর পর এই হাসপাতালগামী রাস্তাটি ঠিক করা হলো। আগে ভাঙাচোরা রাস্তার কারণে গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের চলাচলে অনেক সমস্যা হতো। এখন রাস্তা ঠিক হওয়ায় সবাই নির্বিঘ্নে চলাচল করতে পারবে—এটা আনন্দের বিষয়।”
তবে এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করছে এবং নিজেদের নাম প্রকাশ করতে চাইছে না। স্থানীয়রা মনে করছেন, জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা না থাকায় দুর্নীতির সুযোগ তৈরি হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত তদন্ত ও মানসম্মত কাজ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।